![]()
তুমি আমায় মা বানিয়ে দিলে…
কলমে — সুব্রত পণ্ডিত
যে দিন প্রথম শুনলাম
তোমার ক্ষুদ্র হৃদয়–ছন্দ,
সেই দিন আমার ভুবনজুড়ে
নামল নতুন রঙ, নতুন গন্ধ।
অচেনা এক আলো এসে
জড়িয়ে গেল নিঃশব্দ প্রাণে—
বদলে গেল জীবনের সুর,
বুঝলাম অনুভূতির মানে।
ভেতর কেঁপে কেঁপে উঠে—
মনে জাগে বদলের দিশা।
নিঃশর্ত ভালোবাসার ঢেউয়ে
তুমি দিলে নতুন স্বপ্নের ভিসা।
রঙিন হলো তোমার বাবার মুখ—
হাসির আনন্দে জাগালো ভরসা।
ঝরনার মত ঝিরিঝিরি ঝরে আশা–
আশার স্রোতে ভাগ হলো ভালোবাসা।
পুরনো আমি গলে গিয়ে
জন্ম নিল নতুন এক কথা।
প্রথম লাথির উষ্ণতায়
মুছে গেল সমস্ত রকমারি ব্যথা।
শিখলাম— শক্তি মানে কী!
তুমি সারথী, আমি শুধু রথ।
মা হওয়ার যাত্রাপথে–
ধৈর্যই সবচেয়ে কঠিন পথ।
যখন তুমি প্রথম কেঁদে উঠলে—
কেঁপে উঠল আমার প্রাণ;
বুঝলাম, এটা কান্না নয়—
এটা ভালোবাসার জন্ম–গান।
তোমায় দেখে জানলাম আমি—
পৃথিবী কত কোমল হতে পারে!
তোমার হাসির নরম আলো
স্বস্তির আশীর্বাদ হয়ে
ঝরে পড়ে মনের ঘরে।
হৃদয়ে ঝলমলে আলো জ্বলে
বুকের মাঝে তুলতুলে ঢেউ—
তোমার জন্যই আমার আকাশ
হলো নীল-সোনার নৌ।
ছলছল নদীর সুরে
অপার মায়ার কলকল তান
দোলে তালে তালে।
ভোরের মতো নরম রোদ্দুর
জাগিয়ে তোলে হৃদয় মন্দিরে
ভালোবাসার নূপুর।
জীবনের মাতৃত্ব—
অনন্ত আলোয় ভরে দেয় হৃদয়ের প্রতিটি কোণ।
আর জীবনে মাতৃত্ব—
কোমল প্রেমের স্পর্শে, নরম আলোয় বনবনমন।
সব অনুভূতি মিলিয়ে আজ
একটাই সত্য ভেসে ওঠে—
তুমি আমায় মা বানিয়ে দিলে…
তুমি আমায় মা বানিয়ে দিলে…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)