![]()
উপায় নেই
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
অতি বর্ষায় পাহাড়ে ধস নামে,
নদী অবিরাম বয়ে চলে নিচের দিকে—
প্রকৃতির মহিমায়।
নিয়ম মেনেই পরীক্ষায় বসতে হয়,
মেঘে জলীয় বাষ্পের প্রাদুর্ভাব হলেই
ধরায় বৃষ্টি হয়।
ধরায় কবিতা লেখে,
নিত্য ছন্দের নৃত্য চলে।
সঙ্গীতের সুর, তাল, লয়
মধুর হলেই সবাই তৃপ্তি পায়।
তৃপ্তি পায় সমুদ্রের ঢেউ দেখে,
কেউ মুগ্ধ হয় সূর্যের আভায়,
কেউ পাহাড়ের শোভায়।
শোভার টানেই ফুলের বাগান গড়ে,
কেউ গড়ে ইমারত।
সর্বদাই নিখুঁত ছবি
আঁকার চেষ্টা করে চিত্রকর।
চেষ্টা করেই, কষ্ট করে,
পর্বতশৃঙ্গগুলি জয় করে।
জানে— প্রকৃতির রোষে পড়লে
বাড়ি ফিরবে না আর।
ফিরবে না আর—
অনেক কিছুই জেনেও
মনের মাঝে অতীতের হাহুতাশ
করে যায় বহুবার।
বহুবার, বহু প্রতিকূলে
স্বপ্নগুলো চুরমার হয়।
উপায় নেই—
নতুন করে নতুন স্বপ্ন দেখতে হয়।
দেখতে হয় কত কিছুই,
প্রতিবাদের অন্য উপায়
বেছে নিতে হয়—
কারণ উপায় নেই।
উপায় নেই বলেই
খারাপ কিছু করতে হবে—
এমন কথা কিন্তু নয়।
ধৈর্য আর সময়ের অপেক্ষায়
উপায় আসবেই।
অপেক্ষাই সার—
হয়তো তুমি উপেক্ষিত।
বুঝতে পারলে, রাগ-অভিমান,
দুঃখ-কষ্ট হবে অযথা।
কষ্টের ভাগ শুধু কেষ্টোর—
বলতে হবে, উপায় নেই।
কষ্টে অর্জিত ফলাফলের
তৃপ্তিটাই আলাদা।
আলাদা হতে চাই না কেউই,
তবুও উপায় নেই।
রঙিন জীবন— রং নয়,
তবু রঙের নাম সাদা।
সাদাতেই সব রং ফুটে ওঠে,
সব রং মিলে সাদা হয়।
ভাবনাগুলোই আজ
আকাশ-সমুদ্র।
সমুদ্রে ঢেউ,
আকাশে মেঘের ভেলা—
খেলা করবেই।
আগুনে পুড়বে সবই—
হোক যত ক্ষুদ্র।
ক্ষুদ্র যতই হোক—
উপায় বের হবেই।
সদিচ্ছায় লুকিয়ে উপায়।
উপায় নেই—
সমাধান এলো এইমাত্র।
সমাধান পেয়েও নিরুপায়,
তবু খোঁজে কত উপায়।
আশা, আকাঙ্ক্ষা,
ভালোবাসা, ভরসা—
সব শেষ,
মরণ আসামাত্র।
জীবনের উপায় নেই
অমর হওয়ার।
ভালো মন সারা জীবন
হয়ে রয় জিজ্ঞাসু ছাত্র।
উপায় নেই…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)